ময়মনসিংহের গৌরীপুরে একই পরিবারের প্রধান দুই উপার্জনক্ষম ব্যক্তি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে এখন মৃত্যুশয্যায়। অর্থাভাবে বাবা ও ছেলের চিকিৎসা সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বাবা আবুল হাসিম (৭০) ব্রেইন টিউমারে আক্রান্ত আর তাঁর বড় ছেলে দিলোয়ার হোসেন লিটন (৩৯) ভুগছেন মরণব্যাধি ক্যান্সারে। গৌরীপুর ইউনিয়নের গাভীশিমুল গ্রামে পাশাপাশি বিছানায় শয্যাশায়ী পিতা-পুত্রের এই হৃদয়বিদারক দৃশ্য দেখে অশ্রুসজল হয়ে উঠছেন এলাকাবাসী।
পরিবার সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখে-শান্তিতে দিন কাটাচ্ছিলেন দিলোয়ার হোসেন লিটন। কিন্তু ২০২৫ সালের ৫ এপ্রিল হঠাৎ তাঁর শরীরে ক্যান্সার শনাক্ত হয়। এরপর থেকে শুরু হয় জীবনসংগ্রাম। এ পর্যন্ত তাঁকে ৭টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপী বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আমিনুল ইসলাম ও আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠানের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
লিটনের স্ত্রী জায়েদা আক্তার জানান, বসতভিটা ছাড়া তাঁদের আর কোনো সম্বল নেই। লিটনের চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ৭ লাখ টাকা খরচ হয়ে গেছে। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় এ টাকা জোগাড় করা হলেও এখন আর কোনো উপায় নেই। সন্তানদের মুখে খাবার তুলে দেওয়াই যেখানে কষ্টকর, সেখানে আরও ৪-৫ লাখ টাকার চিকিৎসা ব্যয় বহন করা তাঁদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
সন্তানের চিকিৎসার চিন্তা ও দুঃশ্চিন্তায় গত ৭ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পিতা আবুল হাসিম। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, তিনিও ব্রেইন টিউমারে আক্রান্ত। তিনি পেশায় একজন দর্জি এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের গৌরীপুর উপজেলা শাখার কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বাবা ও ভাইয়ের দেখাশোনা করতে গিয়ে ছোট ছেলে সাখাওয়াত হোসেনের কাজ বন্ধ থাকায় পুরো পরিবারটিতে এখন চরম অন্ধকার নেমে এসেছে।
উপজেলা শ্রমিক দলের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. শহীদুল্লাহ বলেন, "আবুল হাসিম ভাই সংগঠনের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। পিতা-পুত্রের এই অমানবিক পরিস্থিতিতে আমরা আমাদের সাধ্যমতো পাশে দাঁড়িয়েছি। তবে তাঁদের পুরোপুরি সুস্থ করতে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, তা একটি পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।"
পিতা-পুত্রের জীবন বাঁচাতে এবং চিকিৎসা অব্যাহত রাখতে সরকার, বিত্তবান, রাজনৈতিক ব্যক্তিত্ব ও দেশ-বিদেশের মানবিক মানুষদের প্রতি আর্থিক সহযোগিতার বিনীত আকুতি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি।
আজকালের খবর/কাওছার আল হাবীব