মঙ্গলবার ২৬ মে ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী বাংলাদেশ: মোশারফ হোসেন
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১১:৪১ এএম   (ভিজিট : ৫৮৯)
বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (উসান) এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। 

উসানের সভাপতি তাজিজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম বোখারীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী বাংলাদেশ। এজন্য শিক্ষার্থীদের শুধু পড়ালেখায় নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন উসানের কার্যক্রমের প্রশংসা করেন এবং উসানের উন্নয়নে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশীদ, সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক নাদিম মাহমুদ নবীন ও পুলিশ ক্যাডার (৪৫ তম বিসিএস) আনিছুর রহমান আজাদসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, ক্যারিয়ার গঠন এবং সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। 

অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নন্দীগ্রাম উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে সদ্য নিয়োগপ্রাপ্ত চাকরিজীবীদেরও সম্মাননা স্মারক দেওয়া হয় এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে প্রগতিশীল, স্বেচ্ছাসেবী ও সহযোগিতামূলক সংগঠন হিসেবে ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (উসান) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft