মঙ্গলবার ২৬ মে ২০২৬
নন্দীগ্রামে ক্যান্সার আক্রান্ত সুলতানের পাশে ইউএনও শারমিন আরা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:০০ পিএম   (ভিজিট : ৮৮৮)
বগুড়ার নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত অসহায় আব্দুল হাকিম সুলতান (৪৫)-এর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা। বুধবার (১১ মার্চ) দুপুরে তিনি সুলতানের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের হাতে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও কম্বল তুলে দেন।

ইউএনওর এ মানবিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুলতান ও তার পরিবারের সদস্যরা। সহায়তা পেয়ে তারা কান্নাজড়িত কণ্ঠে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুল হাকিম সুলতান গত তিন বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। চিকিৎসার পেছনে ইতোমধ্যে প্রায় ১৬ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসার খরচ জোগাতে পরিবারটি তাদের ৩৩ শতাংশ জমিও বিক্রি করে দিয়েছে। তবুও তার চিকিৎসা চালিয়ে যাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

একসময় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সুলতান। অসুস্থ হওয়ার পর থেকে তিনি আর কাজ করতে পারছেন না। ফলে পাঁচ মেয়েকে নিয়ে তার পরিবার এখন চরম অর্থকষ্টে দিন পার করছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার অপারেশন করা হলেও পরে শারীরিক অবস্থা আরও জটিল হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে শয্যাশায়ী থাকায় শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক যন্ত্রণাও বেড়েছে তার।

সুলতানের বৃদ্ধ পিতা আমজাদ হোসেন বলেন, ছেলের চিকিৎসা করাতে যা ছিল সব শেষ হয়ে গেছে। জমিজমাও বিক্রি করেছি। এখন সংসার চালানোর মতো কিছুই নেই। ইউএনও আমাদের যে সহায়তা করেছেন, তা কখনো ভুলবো না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা বলেন, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সুলতানের বিষয়টি জানার পর আমি তার বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে কিছু সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরকারি বিভিন্ন সহায়তার মাধ্যমে সহযোগিতা করার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে সুলতানের মতো অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব হবে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft