মঙ্গলবার ২৬ মে ২০২৬
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বারবাজার হাইওয়ে পুলিশের মতবিনিময়
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৮:৩৪ পিএম   (ভিজিট : ৮৪২)
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঝিনাইদহের কালীগঞ্জে বারবাজার হাইওয়ে পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকেলে কালীগঞ্জ উপজেলার বারবাজার হাইওয়ে থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় হাইওয়ে পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস-দক্ষিণ) সরকার মোহাম্মদ কায়সার, বিপিএম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক ইউসুফ আলী চৌধুরী, বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, নাভারণ হাইওয়ে থানার ওসি মহসীন হোসেন এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন। 

এছাড়াও নাভারণ, যশোর, কালীগঞ্জ, ঝিনাইদহ ও মাগুরা জেলার বাস মালিক সমিতি এবং পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
যশোর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার আহসান হাবীব সভাটি সঞ্চালনা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সার বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পায়। এই সময় সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হাইওয়ে পুলিশের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, বিভিন্ন প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সমন্বিত উদ্যোগ এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার মাধ্যমে মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কমিয়ে একটি নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, পরিবহন মালিক ও শ্রমিকদের সচেতনতা এবং আইন মেনে চলা নিশ্চিত করা গেলে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। তাই সবাইকে আন্তরিকভাবে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত যাত্রী বহন না করা, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ রাখা এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়।
সভা শেষে আগত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ইফতার ও নৈশভোজ পরিবেশন করা হয়।


কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft