শনিবার ১৬ মে ২০২৬
দীর্ঘ ১৫-১৬ বছর ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে: আব্দুল আউয়াল মিন্টু
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২০ পিএম   (ভিজিট : ৩৯৫)
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেনীর সোনাগাজী ও দাগনভূঞার  বিভিন্ন হাটে বাজারে দিনরাত নির্বাচনী গণসংযোগ,পথসভা ও নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের বিএনপির ভাইস চেয়ারম্যান ও মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কর্মসূচির অংশ হিসেবে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে  একটি নির্বাচনী পথসভায় তিনি বক্তব্য রাখেন, এসময় আবদুল আউয়াল মিন্টু বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। নিশিরাতের নির্বাচন করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। অনেক ভোটার আজও প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পাননি। এখন আবার নতুন করে একটি দল নির্বাচনকে ভন্ডুল করার ষড়যন্ত্র শুরু করেছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দেব। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণই তাদের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি বাংলাদেশ উল্টো পথে চলে যায়, তাহলে দেশের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। বাংলাদেশকে সেই অন্ধকার থেকে রক্ষা করতে হলে, দেশের গণতান্ত্রিক ধারাকে সঠিক পথে ফেরাতে হলে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে এই মুহূর্তে বিএনপিকেই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। ওছাড়াও মিন্টু বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে।

আব্দুল আউয়াল মিন্টু তার বক্তব্যে চরাঞ্চলের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, কৃষি ও মৎস্যখাতের উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাখাতের প্রসার এবং নদীভাঙন রোধে মুছাপুর রেগুলেটর দ্রুত নির্মাণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহেনা আক্তার শানু, আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির এম আউয়াল, চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিএনপি নেতা সেলিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক মারুফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft