মহা-পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরাঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন নির্বাচনি মহাসমাবেশ সফল করতে জোর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে নীলফামারী জেলার ডালিয়া তিস্তা ব্যারেজ সংলগ্ন হেলিপ্যাড এলাকায় মহাসমাবেশের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সোমবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও সাবেক নীলফামারী জেলা আমীর মুহাম্মদ আব্দুর রশিদ, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমীর মাওলানা আব্দুর সাত্তার, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার ইসলাম রাজু, নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, ডিমলা উপজেলা নায়েবে আমীর মাওলানা কাজি হাবিবুর রহমান এবং উপজেলা সেক্রেটারি কাজি রোকনুজ্জামান বকুলসহ নীলফামারী ও লালমনিরহাট জেলার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ মহাসমাবেশের মঞ্চ প্রস্তুতি, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা, জনসমাগম নিয়ন্ত্রণ, যানবাহন ব্যবস্থাপনা এবং সার্বিক আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নেতৃবৃন্দ বলেন, আগামী ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে আয়োজিত এই মহাসমাবেশে উত্তরাঞ্চলের জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত হবে। মহা-পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই মহাসমাবেশ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীরা সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।