ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীর মারখালা বিলে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানির স্রোতে ভেসে সিদ্দিক খাঁ (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগরে এই ঘটনা ঘটে। নিখোঁজ সিদ্দিক খাঁর বাড়ি ওই ইউনিয়নের সেলিমনগর গ্রামে। এ সময় তার ছেলে একরাম খাঁও পানির স্রোতে ভেসে গেলে তাকে উদ্ধার করেছে স্থানীয়রা।
এলাকাবাসী জানান, সকালে সিদ্দিক খাঁ এবং তার ছেলে একরাম খাঁ তিতাস নদীর মারখালা বিলে তাদের জমির কচুরিপানা পরিষ্কার করতে যায়। এ সময় পানির প্রবল স্রোতে তারা দু’জনই ভেসে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করে একরাম খাঁকে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু, বেলা গড়ালেও সিদ্দিক খাঁ এখনো নিখোঁজ রয়েছেন।
এ ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে নবীনগর ফায়ার সার্ভিসের দল এবং ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজকালের খবর/ওআর