গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আবুল বাশার আজাদ আশ্বস্ত করে বলেছেন, আরইবি ও পিবিএস-এর কারণে কোনো ধরনের বিদ্যুৎ সেবা বিঘ্নিত হচ্ছে না। সম্প্রতি যারা ছুটি নিয়েছিলেন, তাদেরকে কাজে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের বিদ্যুৎ সেবা ঠিকঠাকভাবেই চলছে এবং গ্রাহকদের ওপর কোনো প্রভাব পড়েনি।
আজকালের খবরের প্রতিবেদকের সঙ্গে সাক্ষাতে তিনি আরও বলেন, যেটি নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল, সেটি এখন সমাধান হয়েছে। কর্মচারীরা কাজে মনোনিবেশ করেছেন এবং গ্রাহকদের সেবা যথাযথভাবে দেওয়া হচ্ছে। বিশেষ করে শিল্পাঞ্চল হিসেবে গাজীপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য আমরা সচেষ্টায় রয়েছি। আমার টিম যথাযথভাবে দায়িত্ব পালন করছে। স্থানীয়দের সবার সহযোগিতা চাই, যাতে শিল্প উৎপাদনসহ সার্বিক বিদ্যুৎ সেবায় কোনো বিঘ্ন না ঘটে।
এছাড়াও তিনি জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন চলমান গণছুটি কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে এবং সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে যোগদানের আহ্বান জানিয়েছে। বিদ্যুৎ উপদেষ্টার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস পাওয়ায় অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে গ্রাহকরা আগের মতোই স্বাভাবিক বিদ্যুৎ সেবা পাচ্ছেন।
পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুই বছরের আন্দোলনের পরও কখনোই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়নি। এমনকি সাম্প্রতিক গণছুটি কর্মসূচিতেও গ্রাহকসেবা অব্যাহত ছিল।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, তারা সরকারের প্রতি আস্থা রেখে আলোচনার মাধ্যমে টেকসই সমাধানের পথে এগিয়ে যাচ্ছে এবং গ্রাহকদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে বদ্ধপরিকর।
আজকালের খবর/ওআর