দীর্ঘদিন ধরে প্রবাসী সংখ্যায় শীর্ষে থাকা কুমিল্লা জেলা জাতীয় অর্থনীতি ও স্থানীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রেখে চলেছে। কুমিল্লার অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। দেশের সর্বোচ্চ প্রবাসী এই জেলার।
এদিকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে জেলার অর্থনীতি এবং অবকাঠামোর আমূল পরিবর্তন হলেও নাগরিক সেবা নিয়ে অসন্তুষ্ট অধিকাংশ প্রবাসী এবং তাদের পরিবার। তাছাড়া যথাযথ সচেতনতার অভাবে বেশির ভাগ প্রবাসীর রেমিট্যান্স আসছে হুন্ডি চ্যানেলে।
কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লার প্রবাসীদের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত আছেন। এদের মধ্যে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, কুয়েত, ইতালি ও দক্ষিণ কোরিয়া উল্লেখযোগ্য।
কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের তথ্য অনুযায়ী, কুমিল্লা থেকে ২০১৫ সালে গেছেন ৪০ হাজার ৫২৫ জন, ২০১৬ সালে ৮৬ হাজার ৩৩৫ জন, ২০১৭ সালে ১ লাখ চার হাজার ৭০৯ জন, ২০১৮ সালে ৬২ হাজার ৪৪৫ জন, ২০১৯ সালে ৬৫ হাজার ৯৪১ জন, ২০২০ সালে ২৪ হাজার ১৮৯ জন, ২০২১ সালে ৬৮ হাজার ১৬৭ জন, ২০২২ সালে ১ লাখ ৬ হাজার ৪৯৯ জন, ২০২৩ সালে ১ লাখ ১৩ হাজার ৭৫১ জন ও ২০২৪ সালে ৯২ হাজার ১০০ জন। ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১০ বছরে কুমিল্লা জেলা থেকে বৈধভাবে প্রবাসে যাওয়া কর্মীর সংখ্যা ৭ লাখ ৬৪ হাজার ৬৬১ জন। এই সময়ে সারা দেশ থেকে প্রবাসে যাওয়া কর্মীর সংখ্যা ৭৭ লাখ ৬৮ হাজার ৩৪৯ জন। সারা দেশের মধ্যে কুমিল্লার প্রবাসীর সংখ্যা প্রায় ৯ শতাংশ।
বিভিন্ন সূত্রে জানা যায়, সরকারি হিসেবের বাইরেও কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে অনেকে অবৈধভাবে বিদেশে পাড়ি জমিয়েছেন। তারা সেখানে কর্মশক্তিতে রূপান্তরিত হয়েছেন। অনেকে ভ্রমণ ও স্টুডেন্ট ভিসায় গিয়েও জনশক্তিতে পরিণত হয়েছেন, যা সরকারি নথিতে অন্তর্ভুক্ত নয়। আর এদের মধ্যে কুমিল্লার সংখ্যাই বেশি।
২০২৪ সালের একটি পরিসংখ্যানে দেখা যায়, কুমিল্লায় ২০২৩ এর তুলনায় ২০২৪ সালে রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ। ঐ বছর জনশক্তি রপ্তানিতেও শীর্ষে এই জেলা। কুমিল্লা থেকে গত এক বছরে ৯২ হাজার ১০০ জন কর্মী বিদেশে গেছেন। এই সংখ্যার ধারে কাছেও অন্য কোনো জেলার অবস্থান। দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লার পার্শ্ববর্তী জেলা থেকে গেছেন ৫৯ হাজার ৯৯৭ জন, তৃতীয় স্থানে টাঙ্গাইল ৪৫ হাজার ৫৭৭ জন, চতুর্থ স্থানে কিশোরগঞ্জ ৪১ হাজার ২৩৫ জন এবং পঞ্চম স্থানে কুমিল্লার পার্শ্ববর্তী জেলা চাঁদপুর ৪০ হাজার ৭৪৯ জন। প্রবাসী পাঠানোর দিক থেকে সবচেয়ে পিছিয়ে আছে পার্বত্য জেলা রাঙ্গামাটি। ২০২৪ সালে এই জেলা থেকে মাত্র ৬৯২ জন কর্মী বিদেশে গেছেন।
এ বিষয়ে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক রাহেনুর ইসলাম সাংবাদিকদের জানান, কুমিল্লা থেকে সবচেয়ে বেশি প্রবাসী সৌদি আরবে কর্মরত আছেন। প্রতিদিন কেউ না কেউ কাজের উদ্দেশ্যে বিদেশ যাচ্ছেন। দেশের মোট প্রবাসীর ৯ শতাংশই এই জেলার।
তাছাড়া তিনি আরো বলেন, আমরা হুন্ডি পরিহার করে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের সচেতন করে যাচ্ছি।
আজকালের খবর/বিএস