নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দুর্গাপুরের জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও উপজেলা শিক্ষা ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে সুদূরপ্রসারী ভূমিকা পালন করার জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ পান তিনি।
রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা পদক নেত্রকোনা জেলা বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।
একই পত্রে জানা যায়, জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাজীব উল আহসান।
জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার বলেন, জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ার গৌরবের অংশীদার দুর্গাপুরবাসী। দুর্গাপুর উপজেলাবাসীর ভালোবাসা আর সহযোগিতার ফল আমার এই অর্জন।
তিনি উপজেলার শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, শুধুমাত্র শ্রেষ্ঠত্ব অর্জন নয়, আমি দুর্গাপুর উপজেলার শিক্ষাকে আরো এগিয়ে নিতে চাই। পাশাপাশি আমি আমার উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের সুশিক্ষা নিশ্চিতকরণেও সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছি। দুর্গাপুর উপজেলাকে সামগ্রিকভাবে এগিয়ে নিতে সবাইকে পাশে চাই।
জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ঝুমা তালুকদারকে অভিনন্দন জানিয়েছে।
আজকালের খবর/আরইউ