ব্রাহ্মণবাড়িয়ার প্রাইভেট হাসপাতালগুলোর অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ, সদর হাসপাতালের দালালচক্র নির্মূল এবং রোগী হয়রানি বন্ধে করণীয় নির্ধারণে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. নোমান মিয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। ভবিষ্যতেও কোনো হাসপাতাল, দালালচক্র কিংবা চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি অনিয়ম, দুর্নীতি বা রোগী হয়রানির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রশাসন ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।
সভাপতির বক্তব্যে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে একটি দালালচক্র সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অনেক সময় কিছু ব্যক্তি ঘিরে ধরে কোথায় পরীক্ষা করাতে হবে, কোন হাসপাতালে যেতে হবে কিংবা কোথা থেকে ওষুধ কিনতে হবে—এসব বিষয়ে অযাচিতভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করে। এতে সাধারণ মানুষ যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন, তেমনি মানসিক হয়রানিরও শিকার হন।
তিনি আরও বলেন, জেলার কয়েকটি প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল আদায়, সেবায় অস্বচ্ছতা, রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং জবাবদিহিতার অভাব নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ রয়েছে। এসব অভিযোগ সত্য প্রমাণিত হলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা অটুট রাখা রাষ্ট্র এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের দায়িত্ব।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ সাবের হোসাইন। আলোচনায় অংশগ্রহণ করেন সৈয়দ মোহাম্মদ শাহিনুর রহমান, তারিফুল হাসান, সাঈদ আব্দুল্লাহ হিমু, ইয়াছিন আরাফাত সিরাজী, দেলোয়ার হোসাইন, আমিনুল ইসলাম, তাসলিমা ইসলাম, ঔরণী ইসলামসহ ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে হাসপাতালগুলোতে দালালমুক্ত পরিবেশ সৃষ্টি, রোগীবান্ধব সেবা নিশ্চিত এবং অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
আজকালের খবর/বিএস