রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য এস এম শহীদুল্লাহ রনি'র ওপর সংঘটিত ন্যক্কারজনক সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রিহ্যাব কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারা বটতল এলাকায় পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি ব্যক্তিগত প্রাইভেটকারে রাউজানের নিজ বাসভবনে ফেরার পথে এই প্রাণঘাতী হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, দুইজন মোটরসাইকেল আরোহী তার গাড়ির গতিরোধ করে। গাড়ি থামানোর সাথেসাথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে তিনি গাড়ির মধ্যে নিচু হয়ে বসে পড়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি মনে করে, একজন ব্যবসায়ী সংগঠনের দায়িত্বশীল সদস্যের ওপর এ ধরনের সশস্ত্র হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি দেশের বৈধ ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ পরিবেশ, উদ্যোক্তাদের নিরাপত্তা এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। ব্যবসায়ীদের মধ্যে ভীতি সৃষ্টি করে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার এমন অপচেষ্টা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।
রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তার, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে চট্টগ্রাম অঞ্চলে রিয়েল এস্টেট খাতের উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং রিহ্যাবের নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
রিহ্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ঘটনার রহস্য উদ্ঘাটন করবে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করবে। অন্যথায় এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যবসায়ী সমাজের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করবে, যা দেশের বিনিয়োগ পরিবেশের জন্য অশনিসংকেত হয়ে উঠতে পারে।
রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি স্পষ্টভাবে বলতে চায়, সন্ত্রাস, ভয়ভীতি কিংবা অস্ত্রের মুখে দেশের বৈধ রিয়েল এস্টেট খাতের অগ্রযাত্রা থামানো যাবে না। আইনের শাসন প্রতিষ্ঠা এবং নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপই আজ সময়ের দাবি।
আজকালের খবর/ এমকে