বগুড়ার নন্দীগ্রামে চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে ধ্বংস করে দেওয়া হয়েছে। নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ অভিযানে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
পরে পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষার্থে জব্দকৃত জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জানা গেছে, বুধবার (২৯ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন খাল ও জলাশয়ে ব্যবহার করা অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস বলেন, চায়না দুয়ারী জাল অত্যন্ত ক্ষতিকর এবং অবৈধ। এটি পানির ছোট-বড় প্রায় সবধরনের মাছ ও মাছের পোনা আটকে ফেলে, ফলে মাছের বংশবিস্তার বাধাগ্রস্ত হয় এবং জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। এ কারণে সরকার এ ধরনের জাল ব্যবহার, বিক্রি ও সংরক্ষণ নিষিদ্ধ করেছে। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
আজকালের খবর/এমকে