বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। কৃষি মন্ত্রণালয়ের উপসচিব গোলাম আজম স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
ড. রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্রিতে গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি উচ্চ ফলনশীল, জলবায়ু সহনশীল ও কৃষকবান্ধব ধানের জাত এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনে নেতৃত্ব দিয়েছেন।
১৯৭১ সালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (এজি) ডিগ্রি অর্জনের পর ২০১২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
কৃষি গবেষণায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ড. রফিকুল ইসলামের নেতৃত্বে ব্রির গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রযুক্তি ও উন্নত ধানের জাত উদ্ভাবনে গতি আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
আজকালের খবর/বিএস