গোপালগঞ্জের কাশিয়ানীতে খরিপ-২ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস হলরুমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "কৃষিপ্রধান এই দেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষকের উৎপাদন বাড়াতে সরকার সার ও বীজে বিপুল ভর্তুকি দিচ্ছে। তবে এই সুফল যেন সাধারণ কৃষকদের কাছেই পৌঁছায় এবং বাজারে কেউ যেন সারের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।"
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কাজী এজাজুল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সেলিম, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন খান, যুবদলের সদস্য সচিব মোঃ আরিফুর ইসলাম পাভেল এবং ছাত্রদলের সভাপতি মোঃ সোহেলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রান্তিক কৃষকেরা।
উপজেলা কৃষি অফিসার কাজী এজাজুল করিম জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে উপজেলার ১ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল (উফশী) ধান বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এই সহায়তার ফলে উপজেলার কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন এবং এলাকার সামগ্রিক খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ সুফলভোগী কৃষকদের হাতে বিনামূল্যে সার ও বীজের বস্তা তুলে দেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব