পাবনায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ চার জনকে আটক করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল। সোমবার (৬ জুলাই) সকালে ঈশ্বরদী উপজেলার চর রুপপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো পাবনার ঈশরদী উপজেলার নতুন রুপপুর দক্ষিন পাড়ার ইসলাম মন্ডলের ছেলে সুপ্ত ইসলাম জীবন (২৬), একই এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে চঞ্চল ইসলাম নীরব (২৬), চর রুপপুর বিবিসি বাজার এলাকার খবির ইসলামের ছেলে বাঁধন ইসলাম (২৩) এবং আকবর মন্ডলের ছেলে শাকিল হোসেন (৩০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার ওয়াহিদুজ্জামান, (এস) বিএন এর নেতৃত্বে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ঈশ্বরদী উপজেলার চর রুপপুর এলাকায় অভিযান চালিয়ে ওই চার জনকে আটক করে।
সে সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ, বেশ কয়েকটি ধারালো অস্ত্র একশটি এয়ারগান কার্তুজ ও ২টি মটর সাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়েছে।
আজকালের খবর/রাশেদুল মিলন