ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (০৬ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার একটি আভিযানিক দল উপজেলার কুট্টাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ যাত্রীবেশে থাকা এক মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. রাসেল। তার পিতার নাম আবুল খায়ের। তার স্থায়ী বাড়ি নোয়াখালীর সোনাইমুরি থানার নাটেশ্বর এলাকায়। বর্তমানে তিনি গাজীপুর জেলার কোনাবাড়ী থানার জরুন এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের সময় উদ্ধার হওয়া ১০ কেজি গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে সরাইল থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকালের খবর/বিএস