
জাত কিংবা ধর্ম নয়, মানুষের পরিচয় কেবল মানুষ। থিয়েটার নাট্যদলের নাটক ‘নিখাই’ এমন বৈষম্যহীন মানবিকতার গল্পই বলে। এটি থিয়েটারের ৩৪তম প্রযোজনা। ১১ জুলাই রাজধানীর শিল্পকলা একাডেমিতে দেখা যাবে নিখাই নাটকের শততম প্রদর্শনী।
ব্রিটিশ শাসনামলের একটি স্টিমারঘাটকে কেন্দ্র করে এগিয়েছে নিখাই নাটকের কাহিনি। সেখানে নানা ধরনের লোকের আনাগোনা। স্থায়ীভাবে কেউই থাকে না ঘাটে। কিন্তু এক বৃদ্ধ ১০ বছর ধরে ঘাটটিকে আঁকড়ে পড়ে আছে। রাতবিরাতে সেখানে কেউ না থাকলেও ওই বৃদ্ধকে ঠিকই পাওয়া যায়।
একদিন মাঝরাতে হঠাৎ এক দারোগা তার স্ত্রীকে নিয়ে হাজির হয়। নদী পার হওয়া তাদের জন্য ভীষণ জরুরি। কিন্তু কোনো মাঝি না পাওয়ায় অপেক্ষা করতে হয় তাদের। এরপর একের পর এক ঘটতে থাকে নানা ঘটনা। বেরিয়ে আসে একজন মানুষের জন্মের ইতিহাস।
নিখাই নাটক লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত। নাটকটি নিয়ে তিনি বলেন, ‘এটি আমার লেখা প্রথম মৌলিক গল্পের নাটক। মানব-মানবীর ভালোবাসার গল্প নিয়ে নাটকের কাহিনি। সমাজের যে অসম ব্যবস্থা, নিজেদের মধ্যে যে বিভেদ, বিশেষ করে জাত, উঁচু-নিচু ভেদাভেদ নিয়ে গল্প। আল্লাহ ভালোবাসা সৃষ্টি করেছেন উঁচু-নিচু ভেদাভেদ সমান করার জন্য। পৃথিবীকে বাঁচাতে হলে মানুষের সঙ্গে মানুষের যে ব্যবধান, সেটাকে ঘোচাতে হবে। এর কোনো বিকল্প নেই। আর এ বৈষম্যহীন মানবিকতাকে ধারণ করেই আমার এ নাটকের কাহিনি। খুব ভালো লাগছে নাটকটির শততম প্রদর্শনী হতে যাচ্ছে। কিছুদিন আগে আমার আরও একটি নাটকের শততম মঞ্চায়ন হয়েছে। সব মিলিয়ে দারুণ অনুভূতি।’
১১ জুলাই শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে দেখা যাবে নিখাইয়ের শততম প্রদর্শনী। থিয়েটার নাট্যদলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ এই প্রদর্শনী উপলক্ষে নানা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। শিগগির তা জানিয়ে দেওয়া হবে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন থিয়েটারের নিয়মিত সদস্যরা।
আজকালের খবর/আতে