আগামী ৫ জুলাই ঘরোয়া অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়বেন বলিউড সুপারস্টার আমির খান এবং গৌরী স্প্র্যাট। মিস্টার পারফেকশনিস্টের এটি তৃতীয় বিয়ে। ৬০-এর পর যুবকের তৃতীয় অধ্যায় শুরু করছেন যখন, বিশেষ জাঁকজমক কিছুই রাখছেন না তিনি। বরং সাদামাটা ঘরোয়াভাবেই সবটা আয়োজন করেছেন।
‘লাগান’ খ্যাত অভিনেতা ঠিক করেছেন কোনও জাঁকজমক, হইচই হবে না। বরং তাঁর এবং গৌরী স্প্র্যাটের বিয়েতে আমন্ত্রিত থাকবেন মাত্র ১০০ থেকে ১৫০ জন। এর মধ্যে কিছুজন তাঁদের আত্মীয় এবং পরিবারের লোকজন। বাকি নিকট বন্ধুরা।
আমির খানের এক ঘনিষ্ঠ ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেতা নিজেই আমন্ত্রিতদের তালিকা এবং মেনু ঠিক করেছেন। তাঁদের বিয়ের অনুষ্ঠানের প্রথম ভাগে বিয়ে হবে। অর্থাৎ আমির এবং গৌরী রেজিস্ট্রি পেপারে সই করবেন। স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে নথিভুক্ত হবে তাঁদের এই বিয়ে। তারপর দুপুরে থাকবে মধ্যাহ্ন ভোজের আয়োজন।
জানা গেছে বর এবং কনে, দু’জনের পছন্দের নানাবিধ খাবার থাকবে মেনুতে। কারা কারা আমন্ত্রিত? সেই তালিকা স্পষ্ট না হলেও আশুতোষ গোয়ারিকর এবং রাজকুমার সন্তোষী আমির খানের বিয়ের দিন উপস্থিত থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে।
বিয়েতে জাঁকজমক না করলেও আমির খান জানিয়েছেন, তিনি সকলের আশীর্বাদ নিয়েই নতুন অধ্যায় শুরু করতে চান। অভিনেতার বাড়িতেই বসবে বিয়ের আসর।
প্রসঙ্গত, আমির খান অতীতে রিনা দত্ত এবং কিরণ রাওকে বিয়ে করেছিলেন। তাঁর এবং রিনার দুই সন্তান ইরা ও জুনায়েদ। অন্যদিকে আমির খান এবং কিরণ রাওয়ের একটি ছেলে আজাদ। আমির খান তাঁর ৬০ তম জন্মদিনে প্রেমিকা গৌরীর সঙ্গে আলাপ করান এবং জানান তাঁরা মনে মনে বিয়ে সেরে নিয়েছেন, পরে খাতায় কলমে বিয়ে করলে সেটা আনুষ্ঠানিক একটা বিষয় হবে কেবল। প্রসঙ্গত, গৌরী স্প্র্যাট ব্যবসায়ী রিতা স্প্র্যাটের মেয়ে। তাঁর একটি ৭ বছরের ছেলে আছে।
আজকালের খবর/কবির