যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আমেরিকান কেমিক্যাল সোসাইটি (এসিএস) স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে “ইনোভেটিভ রিসার্চ ফর অ্যা সাসটেইনেবল ফিউচার অ্যান্ড মাস্টারিং সাইয়েন্টিফিক রাইটিং” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সম্প্রতি তাঁর অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, "বর্তমান বিশ্বে কেবল গবেষণার জন্যই গবেষণা করা হয় না, বরং সমাজ ও শিল্পক্ষেত্রে এর বাস্তব প্রভাব বা ‘ইমপ্যাক্ট’ কতটুকু, তা সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়। তাই তরুণ গবেষকদের অবশ্যই সমাজের সমস্যা সমাধানকারী গবেষণায় মনোযোগী হতে হবে।" এ সময় এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার জাস্ট আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।
সেমিনারে ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান গবেষণার নৈতিকতার ওপর বিশেষ জোর দিয়ে বলেন, "কোনো অবদান ছাড়া কাউকে অথর (লেখক) হিসেবে যুক্ত করা বা অন্যের কাজ নিজের নামে প্রকাশ করা সম্পূর্ণ অনৈতিক। ভালো গবেষক হতে হলে শুরু থেকেই এথিক্সের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।"
ক্লাবটির উপদেষ্টা ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল কাউসার বলেন, এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার জাস্টের লক্ষ্য হলো শিক্ষার্থীদের গবেষণা, বৈজ্ঞানিক লেখালেখি ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করা। গবেষণায় সততার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, "ডাটা ম্যানিপুলেশন কোনোভাবেই কাম্য নয়। গবেষণার নেতিবাচক ফলাফলও একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই সততার সাথে সঠিক তথ্য ফুটিয়ে তুলতে হবে।"
রসায়ন বিভাগের শিক্ষার্থী আন্নী আফরিনের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এস. এম. তারেক আবেদিন ও যবিপ্রবির রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হক।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুর রহমান খান, এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার জাস্টের সভাপতি মোঃ আল আমিন ও সহ-সভাপতি এস. এইচ. এম. ইরফান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক ও গবেষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব