সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাকার নিচে পৃষ্ট হয়ে কুশল সরদার (১৭) নামে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার(১জুলাই) সকাল আনুমানিক ৮টায় আঠারো মাইল-পাইকগাছা সড়কের শাহাপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কুশল সরদার তালা উপজেলার রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদার ও হাতবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৌমিতা সরদার দম্পতির একমাত্র সন্তান। সে তালা সরকারি বি দে উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণবঘোষ বাবলু বলেন, কুশল সরদার তালায় পড়া শুনা করলেও তারা চুকনগরে বাসা ভাড়া করে বসবাস করেন।
আজ সকালে মোটরসাইকেলে করে ছেলে কুশলকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা কানাই লাল সরদার। পথিমধ্যে তালার শাহাপুর বাজার এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় কুশল। ওই সময় গুরুতর আহত হন তার বাবা কানাই লাল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.সাখাওয়াত হোসেন বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে তবে চালক হেলপার পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকালের খবর/বিএস