কুষ্টিয়া দৌলতপুর সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ জুন ও ১ জুলাই সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
মঙ্গলবার (৩০ জুন) কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ মথুরাপুর মাঠ এলাকায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ২০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮ হাজারটি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৫ লাখ ৬৯ হাজার টাকা।
বুধবার (১ জুলাই) জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় অভিযান চালানোর সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৮ বোতল ভারতীয় মদ এবং ২ হাজার ৯৪০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৮ লাখ ৯৪ হাজার টাকা।
একই দিন সকাল ১০টা ১০ মিনিটে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ নিয়ামত মন্ডলের ঘোনা এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল স্কাফ সিরাপ ও ৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২২ হাজার ৪০০ টাকা।
বিজিবি জানায়, তিনটি অভিযানে মোট ১৪ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ২০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ১০ হাজার ৯৪০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৪৮ বোতল স্কাফ সিরাপ এবং ৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য ৫৪ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকালের খবর/রাশেদুল মিলন