লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আলোচিত উজ্জ্বল হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি আলমগীর হোসেন আনন্দ (৩২) কে গ্রেপ্তার করা হয়েছে।
দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে বুধবার (২৪ জুন) দিবাগত রাতে কুড়িগ্রাম জেলার কাঠগিরিরচর এলাকা থেকে আদিতমারী থানা পুলিশ ও র্যাববের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলমগীর উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বারোঘড়িয়া এলাকায় মৃত ইমান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বারোঘড়িয়া গ্রামে নিজ বসতবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন উজ্জ্বল মিয়া। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে তার চাচাতো ভাই আলমগীর হোসেন আনন্দসহ কয়েকজন দেশি অস্ত্র দিয়ে হামলা করে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গত ৭ জুন মারা যান উজ্জ্ব মিয়া।
এ ঘটনায় নিহতের মা রহিমা বেওয়া বাদী হয়ে আদিতমারী থানায় ১০ জনের নামসহ অজ্ঞাত আরও ৫/৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।
এর আগে গত ১৪ জুন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব ১৩ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রংপুর শহরের মর্ডান মোড় এলাকা থেকে ফজলুল হক(৪২), তার স্ত্রী সকিনা বেগম(৩৮) ও লাইলী বেগম(৫০) এজাহার নামনীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, আলোচিত উজ্জ্বল হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি আলমগীরকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
আজকালের খবর/বিএস