শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে কৃষি খাতে উদ্ভাবন, প্রযুক্তি সম্প্রসারণ এবং টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্বব্যাংক ও আইএফএডির (IFAD) সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সোহেল রানা, সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান এবং যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর কবীর বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তি, পুষ্টি-সংবেদনশীল কৃষি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে। তিনি কৃষকদের বাজারমুখী কৃষি উৎপাদনে উৎসাহিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মশালায় নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, কৃষক ও সাংবাদিকরা অংশ নেন। কর্মশালার শেষ পর্বে কৃষিবিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আজকালের খবর/কাওছার আল হাবীব