রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে রাতের অন্ধকারে এক কৃষকের প্রায় পৌনে দুই একর জমির সবজি ক্ষেত বিনষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় পৌনে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক সোহেল মন্ডল।
বুধবার (২৪ জুন) দিবাগত রাতে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের খন্দকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ওই দিনই ৬ জনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, দেড় মাস আগে মোছা. মুনমুন নামে এক নারীর কাছ থেকে পুকুরসহ পৌনে দুই একর জমি তিন বছরের জন্য ইজারা নেন বাগমারা গ্রামের বিলায়েত মন্ডলের ছেলে সোহেল মন্ডল। ইজারা নেওয়ার পর তিনি পুকুরে মাছের চাষ এবং এর চারপাশে নেটজাল দিয়ে বেড়া দেন। এরপর পুকুরপাড়ে ৬ হাজার শসা, ২ হাজার ৩০০টি করলা ও ২৬০টি লাউয়ের বীজ বপন করেন। গত বুধবার রাতে অভিযুক্তরা পুকুর পাড়ের বেড়ার নেট কেটে টুকরো করে ফেলে এবং সবজির চারাগুলো উপড়ে পুকুরে ফেলে দেয়।
ভুক্তভোগী কৃষক সোহেল মন্ডল বলেন, "আমি সর্বোচ্চ দরদাতা হিসেবে জমিটি ইজারা পাওয়ায় প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়। তারা আমাকে নানাভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিল। গত রাতে তারা আমার প্রায় পৌনে দুই লাখ টাকার ক্ষতি করেছে। আমি এর সঠিক বিচার চাই।"
ঘটনাস্থল পরিদর্শন করে সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও মিজানপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জনি খান বলেন, একটি সম্ভাবনাময় সবজির বাগান বিনষ্ট করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে এর সাথে জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন তিনি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব