গাজীপুরের শ্রীপুরে অসুস্থ শরীর নিয়ে ছুটি না পেয়ে কর্মরত অবস্থায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ, বিক্ষোভ এবং বেশ কয়েকটি কারখানায় ভাঙচুর চালিয়েছে।
নিহত লিজা বেগম (৩৭) শ্রীপুর পৌরসভার কড়ইতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় কালার অ্যান্ড কোম্পানি লিমিটেড কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
সহকর্মীদের অভিযোগ, লিজা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার রাতের শিফটে কর্মরত অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে তিনি কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ ছুটি না দিয়ে তাকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। পরে রাত পৌনে ১টার দিকে তিনি কর্মস্থলেই লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই খবর ছড়িয়ে পড়লে কালার অ্যান্ড কোম্পানি লিমিটেডসহ আশপাশের ট্রিপল অ্যাপারেলস, এমএসসি ও ব্লু প্ল্যানেট নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। বৃহস্পতিবার দুপুরে শ্রমিকরা বরমী-মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা কয়েকটি কারখানায় ভাঙচুর চালায় এবং ট্রিপল অ্যাপারেলস কারখানার ভেতরে থাকা বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত করে।
এ বিষয়ে কালার অ্যান্ড কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) মো. শাহিদুল ইসলাম জানান, নারী শ্রমিকের মৃত্যুর পর কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ওই শ্রমিক ছুটির আবেদন করেছিলেন কি না, সে বিষয়ে তার কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কিছু জায়গায় উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ ও শিল্প পুলিশ যৌথভাবে কাজ করছে এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব