ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলার এজাহারভুক্ত আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সদস্যরা জেলের ছদ্মবেশ ধারণ করে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত সুমন মিয়া উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি রাতে চিত্রি গ্রামের বাসিন্দা সুমন মিয়ার বিরুদ্ধে একই এলাকার এক মানসিক প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আদালতে নালিশি মামলা দায়ের করা হলে আদালতের নির্দেশক্রমে নবীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়। ঘটনার পর থেকেই আসামি সুমন মিয়া গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, অভিযুক্ত সুমন চিত্রি গ্রামের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অবস্থান করছে। এরই প্রেক্ষিতে গত ২৩ জুন রাতে নবীনগর থানা পুলিশের একটি দল বিশেষ কৌশল অবলম্বন করে জেলের ছদ্মবেশে নদী তীরবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
আজকালের খবর/কাওছার আল হাবীব