নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার পলাতক আসামি ও পৌর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মোহন তালুকদার (২৫) থানায় আত্মসমর্পণ করেছেন। শুক্রবার (১৯ জুন) রাতে তিনি মোহনগঞ্জ থানায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।
অভিযুক্ত মোহন তালুকদার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। ধর্ষণের অভিযোগ ওঠার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের (২০২৫ সালের) ৯ ডিসেম্বর দুপুরে ভুক্তভোগী শিশুটির মা কাজের উদ্দেশ্যে বাইরে যান। এ সময় ঘরে শিশুটি ও তার দুই ছোট বোন ছিল। এই সুযোগে প্রতিবেশী মোহন তালুকদার ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করেন। পরবর্তীতে শিশুটি গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় এবং থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই মোহন তালুকদার দীর্ঘ দিন পলাতক ছিলেন।
থানায় আত্মসমর্পণের সময় মোহন তালুকদার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, "আমি রাজনৈতিক ও সামাজিক ষড়যন্ত্রের শিকার। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।"
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোহন তালুকদার রাতে থানায় আত্মসমর্পণ করেছেন। তাকে গ্রেফতার দেখিয়ে আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব