বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের বড় ডেরাহার হিন্দুপাড়ার অসহায় খগেন্দ্রনাথ ঠাকুর ও তাঁর স্ত্রী শান্তি রানী দীর্ঘদিন ধরে একটি পুকুরপাড়ের খাস জায়গায় মানবেতর জীবনযাপন করে আসছিলেন। বৃষ্টি হলেই তাঁদের ছোট্ট ঝুপড়ি ঘরে বসবাস করা কঠিন হয়ে পড়তো।
জীবন সংগ্রামের সেই করুণ চিত্র তুলে ধরে ভিডিও বার্তার মাধ্যমে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনের কাছে ঘর নির্মাণের জন্য টিন ও আর্থিক সহায়তা চান তাঁরা। এরপর শুক্রবার (১৯ জুন) বিকেলে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খগেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ছুটে যান। সেখানে বৃদ্ধ দম্পতির সার্বিক খোঁজখবর নেন এবং তাঁদের নতুন ঘর নির্মাণের জন্য টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় খগেন্দ্রনাথ ঠাকুর ও তার স্ত্রী শান্তি রানী সংসদ সদস্যের এমন সহযোগিতায় আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর একই মহল্লার আরেক অসহায় বৃদ্ধার মানবেতর জীবনযাপনের খবর পেয়ে সংসদ সদস্য তাঁর বাড়িতে যান। স্বামী মারা যাওয়ার পর দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে একাই বসবাস করছেন তিনি। ঘরের সামনে বারান্দা না থাকায় বৃষ্টির পানি ও আগাছার কারণে চলাচলও ছিলো কষ্টকর। ওই বৃদ্ধার দুর্দশা দেখে সংসদ সদস্য নিজেই কোদাল হাতে নিয়ে ঘরের সামনে জমে থাকা আগাছা ও মাটি কেটে বারান্দা পরিষ্কার করেন। পরে তাঁকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং একদিনের মধ্যে তাঁর ঘর মেরামতের ব্যবস্থা করার আশ্বাস দেন। একজন সংসদ সদস্যকে নিজের হাতে এভাবে কাজ করতে দেখে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। আর্থিক সহায়তা ও মানবিক আচরণে মুগ্ধ হয়ে ওই বৃদ্ধা কান্নায় ভেঙে পড়েন এবং সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনকে আশীর্বাদ করেন। এরপর তিনি এলাকাবাসীর সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি মানুষের সেবা করার জন্য। অসহায়, দরিদ্র ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। যতদিন দায়িত্বে আছি, ততদিন সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোনো মানুষ যেনো অসহায় অবস্থায় কষ্ট না পায়, সে জন্য সবাইকে মানবিক হয়ে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নুরনবীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজকালের খবর/রাশেদুল মিলন