মঙ্গলবার ১৬ জুন ২০২৬
ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:২৯ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ৫:৪৮ পিএম  (ভিজিট : ১২)
দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।

কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে এসে শাকিব খান জানিয়েছিলেন, শিগগির শুরু হবে সোলজার সিনেমার বাকি অংশের কাজ। ক্যামেরার সামনে আবার সোলজার হয়ে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরপর খবর ছড়ায় আগামী ডিসেম্বরে মুক্তি পাবে সোলজার। তবে দুই দিন ধরে নতুন গুঞ্জন—ডিসেম্বরে নয়, অক্টোবরে দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব অভিনীত সোলজার।

সোলজার মুক্তির খবর জানতে যোগাযোগ করা হলে নির্মাতা সাকিব ফাহাদ জানান, এখনো মুক্তির সময় চূড়ান্ত হয়নি। তবে এ বছরেই সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেন তিনি। আরও জানালেন, এ মাসেই বাকি অংশের শুটিংয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন তাঁরা।

সাকিব ফাহাদ বলেন, ‘এই মুহূর্তে সিনেমাটি যথাযথভাবে শেষ করা নিয়েই আমার সকল পরিকল্পনা। মুক্তি নিয়ে ভাববে প্রযোজনা প্রতিষ্ঠান। অক্টোবর কিংবা ডিসেম্বর দুটিই ভালো সময়। শুটিং শেষে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে মুক্তির তারিখ। তবে এটি নিশ্চিত ২০২৬ সালেই প্রেক্ষাগৃহে দেখা যাবে সোলজার।’

ঈদ উৎসব বাদে অন্য সময়ে মুক্তির সিদ্ধান্তের কারণ জানিয়ে নির্মাতা সাকিব ফাহাদ বলেন, ‘হলমালিক থেকে দর্শক সবাই প্রশ্ন তোলেন, ঈদ ছাড়া কেন শাকিব খানের সিনেমা মুক্তি পায় না। আমরাও বিশ্বাস করি সিনেমা হলে দর্শক ধরে রাখতে হলে সারা বছর ভালো সিনেমা মুক্তি পাওয়া দরকার। সেই কথা মাথায় রেখে আমরা ঈদ উৎসব বাদে অন্য সময়ে সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনা করি।’

শুটিংয়ের খবর জানিয়ে নির্মাতা বলেন, ‘গত বছরেই বেশির ভাগ দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। বাকি অংশের কাজ শুরু হবে শিগগির। এ মাসেই ব্যাংকক যাওয়ার শিডিউল করা হয়েছে। সেখান থেকে ফিরে একটি গানের কিছু অংশের শুটিং শেষ হলেই ক্লোজড হবে ক্যামেরা।’

গত বছর শুটিং শুরুর সময় একটি মোশন ভিডিও প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল সোলজার সিনেমার। ৩৪ সেকেন্ডের সেই ভিডিওতে জানানো হয়, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের সংগ্রামের গল্প নিয়েই সোলজার। ভিডিওর শেষ দিকে একঝলক দেখা যায় শাকিব খানকে। এলোমেলো চুল-দাড়ি, কপাল ও মুখে আঘাতের চিহ্ন, চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে আছেন তীক্ষ্ণ দৃষ্টিতে। ঠিক সে মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে শাকিবের কণ্ঠে শোনা যায়, ‘তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি।’

সোলজারে শাকিব খানের সঙ্গে দেখা যাবে দুই নায়িকাকে। ছোট পর্দায় পরিচিত মুখ তানজিন তিশার সঙ্গে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। অভিনয়ে আরও আছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft