নারীদের নেতৃত্ব বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং কমিউনিটি সেবায় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সিডনিতে বিশেষ ‘লিডারশিপ ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ’ আয়োজন করেছে সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্ক (এসবিডব্লিউএন)। কমিউনিটি মাইগ্র্যান্ট রিসোর্স সেন্টার (সিএমআরসি)-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
‘কমিউনিটিকে ক্ষমতায়ন করুন, হৃদয় দিয়ে নেতৃত্ব দিন, আত্মবিশ্বাস দিয়ে অনুপ্রাণিত করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত দিনব্যাপী কর্মসূচি দুটি পর্বে বিভক্ত ছিল।
প্রথম পর্বে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত একটি প্যানেল আলোচনা, যা দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন হুমা ওয়ালেস তাসনিম। আলোচনায় অংশ নেন খ্যাতিমান সাংবাদিক ও ঔপন্যাসিক নিকি গ্যামেল, কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড রিলেশনস প্রধান অরেলিয়া রহমান এবং বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত সমাজকর্মী ও নেতৃত্ব বিকাশক ড. নাহিদ সায়মা।

প্যানেল আলোচনায় অস্ট্রেলিয়ান নেতৃত্বের মানদণ্ড, কমিউনিটিকে অনুপ্রাণিত করার কৌশল এবং প্রবীণ, নারী ও মায়েদের সেবায় কাজ করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বক্তারা বলেন, একটি শক্তিশালী ও কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে হলে সততা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে নেতৃত্ব দিতে হবে। একই সঙ্গে সমাজসেবার পাশাপাশি ব্যক্তিগত সুস্থতা ও আত্ম-যত্নের গুরুত্বের ওপরও জোর দেন তারা।
কর্মশালায় নেতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে ছিল—ভিশন ও ক্ষমতায়ন, প্রতিকূলতা মোকাবিলায় দৃঢ়তা ও ইতিবাচক মনোভাব, ব্যক্তিগত সীমারেখা ও গোপনীয়তার গুরুত্ব এবং সহমর্মিতা ও আবেগীয় বুদ্ধিমত্তার মাধ্যমে কার্যকর যোগাযোগের কৌশল।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা। এটি পরিচালনা করেন এসবিডব্লিউএনের সাধারণ সম্পাদক নিগার আফরোজা (লিসা) এবং কোষাধ্যক্ষ ফারহানা রহমান (জেসি)। অংশগ্রহণকারীরা বিভিন্ন দলীয় কার্যক্রম, আলোচনা ও আত্মমূল্যায়নমূলক অনুশীলনের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি, আত্মসচেতনতা, স্থিতিস্থাপকতা এবং ব্যক্তিগত গোপনীয়তা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ নারীদের ব্যক্তিগত ও সামাজিক নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় অংশগ্রহণকারী সকল সদস্য ও স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়ে তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আরও শক্তিশালী, আত্মবিশ্বাসী ও সংযুক্ত কমিউনিটি গড়ে তোলাই তাদের লক্ষ্য।
আজকালের খবর/ এমকে