ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কদমতলী এলাকায় এক হজযাত্রীর সৌদি আরবে ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১৩ জুন) সকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষ বৃষ্টির মধ্যেও থেমে থেমে চলতে থাকে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। বৃষ্টিপাত শুরু হলেও উত্তেজনা কমেনি, বরং বিভিন্ন সময়ে দুই পক্ষ পুনরায় মুখোমুখি অবস্থান নেয়।
জানা যায়, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে সৌদি আরবে হজ পালন করতে যান। দেশে ফেরার সময় তিনি তার একটি লাগেজ সেখানে ফেলে আসেন। পরে লাগেজটি ফিরিয়ে আনার দাবিতে গত বৃহস্পতিবার বৃদ্ধার পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে হজ এজেন্সির কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে।
এরই জেরে শনিবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে দুপুর ২টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ ও উত্তেজনা চলতে থাকে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, হজযাত্রীর লাগেজ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
আজকালের খবর/রাশেদুল মিলন