মাঠে গড়িয়েছে বিশ্বকাপ ফুটবল। এই মেগা টুর্নামেন্টে এক সুন্দরী সঞ্চালিকা ফুটবলপ্রেমীদের হৃদয়ে ঝড় তুলেছেন। সমর্থকদের মনে প্রশ্ন জেগেছে, এই সঞ্চালিকা আসলে কে? যিনি নিজের পেশাদারিত্ব এবং আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। চলুন, পরিচয় করিয়ে দেওয়া যাক জনপ্রিয় এই ক্রীড়া উপস্থাপিকা সীমা জয়সওয়ালের সঙ্গে।
ভারতীয় বংশোদ্ভূত সীমা জয়সওয়াল। তাঁর জন্ম ১৯৮৫ সালের ২৮ জানুয়ারি। তাঁর বাবা-মা মূলত উগান্ডার নাগরিক ছিলেন। তবে পরবর্তীকালে তাঁরা ইংল্যান্ডে বসবাস শুরু করেন। সীমার শৈশব কেটেছে লন্ডনের কাছে টেমস নদীর তীরে অবস্থিত রিচমন্ড এলাকায়। বর্তমানে তিনি পশ্চিম লন্ডনে তাঁর স্বামীর সঙ্গে বসবাস করেন।
সীমা জয়সওয়াল গ্রে কোর্ট স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন এবং পরে লন্ডন বিশ্ববিদ্যালয়ের রয়্যাল হলোওয়ে কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি নিজেই জানিয়েছেন, খেলাধুলার প্রতি বিশেষ করে টেনিসের প্রতি তাঁর প্রবল আগ্রহ রয়েছে। যদিও ফুটবলভিত্তিক অনুষ্ঠান সঞ্চালনার মাধ্যমেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন।
সীমা তাঁর কর্মজীবন শুরু করেন স্কাই স্পোর্টসে। সেখানে তিনি টেলিভিশন প্রোডাকশন টিমের সদস্য হিসেবে কাজ করতেন। পরে সিবিবিসি চ্যানেলের ‘নিউজরাউন্ড’ অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশন পর্দায় তাঁর অভিষেক হয়। এরপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি।
২০১৫ সালে সীমা ভারতে আসেন এবং স্টার স্পোর্টসের হয়ে ইন্ডিয়ান সুপার লিগ ও ফুটবলভিত্তিক অনুষ্ঠান ‘লেটস টক ফুটবল’ সঞ্চালনা করেন। এর মাধ্যমে তিনি ভারতীয় ফুটবল সম্প্রচারের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১৬ সালে তিনি আবার যুক্তরাজ্যে ফিরে যান এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর আন্তর্জাতিক সম্প্রচারের জনপ্রিয় অনুষ্ঠান ‘কিক অফ’ এবং ‘ফ্যানজোন’-এর সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
২০১৭ সালে সীমা জয়সওয়াল ফের মুম্বাইয়ে ফিরে আসেন। সনি সিক্সের হয়ে ভারতে আয়োজিত প্রথম ফিফা টুর্নামেন্ট অর্থাৎ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০১৭ এবং তার লাইভ ড্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এবার তিনি বিশ্বকাপ ২০২৬-এর সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন। স্বাভাবিকভাবেই এই মেগা টুর্নামেন্টের মঞ্চে তাঁর জনপ্রিয়তা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
আজকালের খবর/কবির