আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চিন্তাভাবনা করছেন বেলজিয়ামের গোলকিপার থিবো কোর্তোয়া। শোনা যাচ্ছে ৩৪ বছরের এই ফুটবলার বিশ্বকাপ ফুটবলের পরই অবসরের সিদ্ধান্ত নিতে পারেন। ঘনিষ্ঠ মহলে কোর্তোয়া না কি জানিয়েছেন, এই বিশ্বকাপের পরই তাঁর থামার সম্ভাবনা রয়েছে। দেশের হয়ে এটাই হয়তো তাঁর শেষ প্রতিযোগিতা। অবশ্য এই বিশ্বকাপে দল ভালো ফলাফল করলে ভাবনার বদল হতে পারে। সেক্ষেত্রে কোচ, চিকিৎসক এবং সতীর্থদের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল বা খেলার সঙ্গে তিনি অন্য ভূমিকায় যুক্ত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞ মহলের বক্তব্য, কোর্তোয়ার এই বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। কারণ বর্তমানে বেলজিয়াম দলের ফোকাস ইয়ং ব্রিগেডের দিকেই। তরুণ প্রজন্মকে তুলে আনার চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। সেই সময় অভিজ্ঞ কিপারের এই সিদ্ধান্ত অভিমান না কি দলের ভালোর জন্যই প্রশ্ন উঠেছে, সেই বিষয় নিয়েও। তবে অনেকেই আবার মনে করছেন, গত কয়েক বছরে একাধিক চোট-আঘাত এবং শারীরিক সমস্যায় জর্জরিত রয়েছেন তিনি। তার জন্যই হয়তো বিশ্বকাপের পরে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত। অন্যদিকে, কোর্তোয়া জানিয়েছেন, মিসরের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন। তিনি একদম ফিট। প্রসঙ্গত, বেলজিয়াম ফুটবল দলের অন্যতম স্তম্ভ থিবো কোর্তোয়া। ২০১১ সালে অভিষেকের পর দেশের জার্সিতে শতাধিক ম্যাচ খেলেছেন তিনি। দলের নজরকাড়া সাফল্যের নেপথ্যেও রয়েছে তাঁর অবদান।
আজকালের খবর/কবির