মঙ্গলবার ৯ জুন ২০২৬
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা নিয়ে যা বললেন এমবাপ্পে
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:২৮ পিএম   (ভিজিট : ০)
বিশ্বকাপ ফুটবল শুরুর আগেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করে বসলেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। যত বেশি দেশই খেলুক না কেন এমবাপ্পের মতে, লড়াইটা তো মূলত হবে তারকা ফুটবলারদের মধ্যেই। সেই তালিকায় রয়েছেন এমবাপ্পে নিজে, রয়েছেন লিওনেল মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, লামিন ইয়ামালদের মতো তারকা ফুটবলাররা। বিশ্বকাপে গোলসংখ্যার বিচারে রোনালদোকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল মেসির চেয়ে এগিয়ে রেখেছেন তিনি।

তবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে নিজের নামই বেছে নিয়েছেন তিনি। বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামে কনটেন্ট ক্রিয়েটর ফিন আগোস্তিনেল্লি ও সোরারের আয়োজিত এক ব়্যাপিড ফায়ার পর্বে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সেরা ফুটবলারদের মধ্যে বাছাই করতে বলা হয় এমবাপ্পেকে।

সেখানে মেসি ও রোনালদোর মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে পর্তুগিজ তারকাকেই ভোট দেন তিনি। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে বহুদিনের স্বপ্ন পূরণ করেন মেসি। অন্যদিকে, ৪১ বছর বয়সী রোনালদো এখনও বিশ্বকাপ জেতার অপেক্ষায়। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে সফল মৌসুম কাটিয়ে তিনি এখনও গোলমেশিন হিসেবেই নিজেকে প্রমাণ করে চলেছেন।

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে প্রায় সব বড় শিরোপা জিতলেও বিশ্বকাপ ট্রফি এখনও তাঁর অধরা। ব়্যাপিড ফায়ার পর্বে মেসির ওপর রোনালদো বেছে নিলেও যখন রোনালদো ও নিজের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়, তখন এমবাপ্পে তাঁর আদর্শের থেকে এগিয়ে রেখেছেন নিজেকেই।

অর্থাৎ তাঁর বিশ্বাস, ২০২৬ বিশ্বকাপে গোল দেওয়ার দৌড়ে তিনি রোনালদোকেও ছাড়িয়ে যেতে পারবেন। তবে চলতি বিশ্বকাপে ব্রাজিলিয়ান তারকা এবং রিয়াল মাদ্রিদে তাঁর সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রের প্রতিও আস্থা প্রকাশ করেন এমবাপ্পে।

তাঁর মতে, ব্রাজিলিয়ান তারকা স্পেনের উদীয়মান প্রতিভা লামিন ইয়ামাল এবং ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের থেকে বেশি গোল করতে সক্ষম। ২০২৬ বিশ্বকাপ এমবাপ্পের জন্য বিশেষ আবেগেরও।

২০২২ সালের ফাইনালে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার বিরুদ্ধে হ্যাটট্রিক করেও ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে পারেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমবাপ্পে স্বীকারও করেছেন, হ্যাটট্রিক করলেও গতবারের ফাইনালটা কোনওভাবেই দেখতে চান না তিনি।

কাতার বিশ্বকাপের ফাইনাল তাঁর ‘পুরনো দুঃস্বপ্ন জাগিয়ে তুলতে পারে’। উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপে রোনালদো ও মেসি দু’জনই রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে চলেছেন। বিশ্বকাপের মঞ্চে বর্তমানে রোনালদোর গোলসংখ্যা ৮, আর মেসির ১৩। তবে নকআউট পর্বে এখনও কোনও গোল করতে পারেননি রোনালদো। এবার মার্কিন মুলুকে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের এই অপূর্ণতাও মুছে ফেলতে চাইবেন পর্তুগিজ কিংবদন্তি।

অন্যদিকে, গ্রুপ পর্যায়ে ফ্রান্সের প্রতিপক্ষ সেনেগাল, ইরাক এবং নরওয়ে। আগামী ১৬ জুন মেটলাইফ স্টেডিয়ামে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবেন এমবাপ্পেরা। ফরাসি তারকা ইতিমধ্যেই দু‘টি বিশ্বকাপে ১২ গোল করে ফেলেছেন। যার মধ্যে চারটি এসেছে ফাইনালে। এখন তাঁর লক্ষ্য বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজের ১৬ গোলের রেকর্ড ভাঙা।

আজকালের খবর/কবির









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft