রবিবার ৭ জুন ২০২৬
বাপ্পার জায়গায় ফাইটার আরমান, মুক্তির স্বস্তির নিঃশ্বাস
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:১৪ পিএম  আপডেট: ০৬.০৬.২০২৬ ৮:২২ পিএম  (ভিজিট : ১২)
গত মাসে জানা গিয়েছিল, আসন্ন নির্বাচনে একটি প্যানেল থেকে সভাপতি পদে বাপ্পারাজ এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে হঠাৎ করেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বাপ্পারাজ। তার এই সিদ্ধান্তে পুরো প্যানেলের পরিকল্পনায় পরিবর্তন আসে।

শনিবার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে শিল্পী সমিতি সংলগ্ন বাগানে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন প্যানেলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন ফাইট ডিরেক্টর আরমান ও রুমানা ইসলাম মুক্তি।

সংবাদ সম্মেলনে বাপ্পারাজের সরে দাঁড়ানোর মুহূর্তের অনুভূতি জানাতে গিয়ে রুমানা ইসলাম মুক্তি বলেন, “সত্যি কথা বলি, আমি কখনো কারো সামনে সহজে কান্না করি না। যখন বাপ্পা ভাই বললেন নির্বাচন করবেন না, সেই মুহূর্তে বাসায় গিয়ে হাউমাউ করে কেঁদেছিলাম।”

তিনি আরও জানান, একজন সিনিয়র শিল্পীর পরামর্শ ও অনুরোধেই নতুনভাবে প্যানেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। তার ভাষায়, “একটি মিটিংয়ে এক সিনিয়র আমাকে বললেন, ‘আরমান সভাপতি হবে না কেন? সব বাদ দাও, আরমান নির্বাচন করবে।’ তখন আমার মনে হলো কথাটা তো ঠিকই।”

এদিকে ফাইট ডিরেক্টর আরমান জানান, সহকর্মী ও সিনিয়রদের অনুরোধে শেষ পর্যন্ত তিনি সভাপতি পদে প্রার্থী হতে রাজি হয়েছেন। তিনি বলেন, “তিন দিন ধরে সিনিয়র শিল্পী, টেকনিশিয়ান, সহকর্মী সবাই মিলে আমাকে ধরেছেন। আমি প্রথমে রাজি ছিলাম না। পরে সবাই বলল, আপনি ছাড়া আর কোনো পথ নেই।”

প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে যুক্ত আরমান বলেন, তিনি ফাইটার থেকে ধাপে ধাপে ফাইট ডিরেক্টর, স্টান্টম্যান, প্রযোজক, পরিচালক ও অভিনেতা হিসেবে কাজ করেছেন।

তিনি আরও বলেন, নির্বাচনে জয়-পরাজয় নিয়ে তিনি চিন্তিত নন। তার ভাষায়, “জয়-পরাজয় আল্লাহর হাতে।”

সব মিলিয়ে বাপ্পারাজের সরে দাঁড়ানোর পর শিল্পী সমিতির নির্বাচন ঘিরে নতুন করে তৈরি হওয়া সমীকরণেই আবেগঘন পরিস্থিতিতে ভেঙে পড়ার কথা জানিয়েছেন রুমানা ইসলাম মুক্তি।

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft