গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের ধাক্কায় ছাবিহা খানম নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ঢাকা-বেনাপোল রেলপথে বেনাপোল থেকে ঢাকাগামী ‘জাহাবাদ এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ছাবিহা গোপালগঞ্জ পৌরসভার নিচুপাড়া এলাকার শিপন ফকিরের মেয়ে। সে ঈদের ছুটিতে উপজেলার ব্যাসপুর দক্ষিণ পাড়া গ্রামে নানা কাঞ্চন শেখের বাড়িতে বেড়াতে এসেছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ব্যাসপুর দক্ষিণ পাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনটি শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঈদের ছুটির আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হয় স্বজনদের মাঝে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং রাজবাড়ী রেলওয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব