শনিবার ৬ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর মন্তব্যে নেপালে রাজনৈতিক ঝড়, বিক্ষোভে উত্তাল রাজধানী
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:১৫ পিএম   (ভিজিট : ১০)
নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহের এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সংসদে দেওয়া তাঁর এক বক্তব্যের পর বিরোধী দল, ছাত্র-যুবসমাজ এবং সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

গত রোববার সংসদে লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি সীমান্ত ইস্যুতে আলোচনার সময় প্রধানমন্ত্রী বালেন শাহ বলেন, শুধু ভারতই নেপালের ভূখণ্ডে অনুপ্রবেশ করেনি, নেপালও ভারতের কিছু এলাকায় অনুপ্রবেশ করেছে। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান সীমান্ত সমস্যার সমাধানে ঐতিহাসিক তথ্য-প্রমাণ পর্যালোচনা করে বন্ধুত্বপূর্ণ আলোচনার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রীর এ মন্তব্যের পরপরই সংসদে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানিয়ে তাঁর পদত্যাগ দাবি করেন। পরে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়ে স্লোগান দেন।

বিরোধী দলগুলোর অভিযোগ, প্রধানমন্ত্রীর এই বক্তব্য নেপালের দীর্ঘদিনের সীমান্ত অবস্থানকে দুর্বল করেছে এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিভ্রান্তি তৈরি করেছে। জাতীয়তাবাদী মহলেও এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী হয়তো সীমান্ত সমস্যার বাস্তবতা তুলে ধরতে চেয়েছিলেন, তবে বক্তব্যের সময় ও প্রেক্ষাপট যথাযথ ছিল না। ফলে বিষয়টি রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে নেপাল সরকার পরে ব্যাখ্যা দিয়ে জানায়, প্রধানমন্ত্রী মূলত সীমান্তবর্তী ‘নো-ম্যান্স ল্যান্ড’ এলাকার কিছু জটিলতা নিয়ে কথা বলেছেন। তবে সরকারের এই ব্যাখ্যায় বিতর্ক থামেনি।

এদিকে ভারতও সীমান্ত বিরোধের বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, নেপাল-ভারত সীমান্ত সমস্যা সমাধানে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন নেই; দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই এর সমাধান সম্ভব।

এরই মধ্যে বালেন শাহের নেতৃত্বাধীন সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বেড়েছে। তাঁর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারম্যান রবি লামিছানে সম্প্রতি ভারতের শাসক দল বিজেপির সদর দপ্তর সফর করে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করির সঙ্গে সাক্ষাৎ করায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

র‍্যাপার থেকে কাঠমান্ডুর মেয়র এবং পরে প্রধানমন্ত্রী হওয়া বালেন শাহ দুর্নীতিমুক্ত প্রশাসন ও যুবকেন্দ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে সীমান্ত ইস্যুতে তাঁর সাম্প্রতিক মন্তব্য সেই জনপ্রিয়তায় বড় ধরনের ধাক্কা দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এখন প্রশ্ন উঠেছে, এই সংকট কাটিয়ে তিনি আবারও জনসমর্থন ফিরে পেতে পারবেন কি না।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft