শুক্রবার ৫ জুন ২০২৬
বিশ্বকাপে নতুন কী কী নিয়ম দেখতে পাওয়া যাবে?
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:০৪ এএম   (ভিজিট : ২০)
এ বারের ফুটবল বিশ্বকাপে প্রথম বার খেলতে চলেছে ৪৮টি দেশ। তবে শুধু দেশের সংখ্যাই নয়, আধুনিক ফুটবলকে বদলে দিতে পারে এমন কিছু আইনও দেখা যাবে বিশ্বকাপে। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) কিছু নিয়মে পরিবর্তন করেছে, যাতে ম্যাচের গতি বৃদ্ধি পায়, খেলোয়াড়োচিত মনোভাব বজায় থাকে। ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভারের হাতে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। বিশ্বকাপ থেকে এই নিয়ম চালু হবে।
ভার-এর ক্ষমতাবৃদ্ধি

ভার-কে আরও শক্তিশালী করা হয়েছে। ভুল করে দেখানো দ্বিতীয় হলুদ কার্ড, ভুল করে শাস্তি দেওয়া এবং ভুল করে দেওয়া কর্নার কিকের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে ভার। পাশাপাশি সেট-পিস হওয়ার আগে ফাউল হলে সেটাও নজরে আনবে ভারত। যেমন কর্নার নেওয়ার আগে অবৈধ ভাবে ডিফেন্ডারকে আটকানো হলে নজরে আনা হবে। খেলা আবার শুরু হওয়ার পর কোনও অপরাধ হলে, রেফারি আগে মাঠের পাশে থাকা মনিটরে গিয়ে ঘটনাটি দেখবেন এবং তার পর ঠিক করবে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন কি না এবং সেট-পিস আবার নেওয়া হবে কি না। ভুল হলুদ কার্ডের ক্ষেত্রে ভার সিদ্ধান্ত বদলাতে পারে। কিন্তু রেফারি কার্ড না দেখালে, ভার কখনওই কার্ড দেখানোর কথা বলতে পারে না।
খেলোয়াড়দের আচরণে কড়াকড়ি

ফুটবলে শৃঙ্খলা বজায় রাখতে কড়া হচ্ছে নিয়ম। তর্কাতর্কির সময় ফুটবলারেরা যদি হাত, বাহু বা জার্সি দিয়ে মুখ ঢেকে কথা বলেন তা হলে সরাসরি লাল কার্ড দেখবেন। তবে সাধারণ কথাবার্তা এর আওতায় পড়ছে না। যদি রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কোনও দল মাঠ ছেড়ে যায়, তা হলে সেই ম্যাচটি তারা ছেড়ে দিয়েছে বলে গণ্য করা হবে।
দ্রুত খেলোয়াড় পরিবর্তন

সময় নষ্টের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে চলেছে। থ্রো-ইন এবং গোল-কিকের ক্ষেত্রে রেফারিরা পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন করবেন। তার মধ্যে কাজটি করা না গেলে বিপক্ষ দল সেই সুবিধা পাবে। দেরি করে গোল-কিক নিলে বিপক্ষ দলকে কর্নার দেওয়া হবে। পরিবর্ত খেলোয়াড়কে এ বার থেকে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। সবচেয়ে কাছে যে দিক থেকে মাঠের বাইরে যাওয়া যায় সে দিক থেকে বার হতে হবে। তা না হলে পরিবর্ত খেলোয়াড় নামানো যাবে না।
চোটে সময় নষ্ট বন্ধ

চোট পেলেই সময় নষ্ট করার প্রবণতা রয়েছে কিছু ফুটবলারের মধ্যে। তা আর চলবে না। যে সব ফুটবলারের মাঠে চিকিৎসা করা হচ্ছে তাদের খেলা শুরু হওয়ার পরেও অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। চোটের কারণে খেলা সাময়িক বন্ধ রাখতে হলে ফুটবলারেরা যাতে কোচের কাছে গিয়ে শলাপরামর্শ করতে না পারেন, সে দিকে খেয়াল রাখতে হবে রেফারিদের।
জলপানের বিরতি

উত্তর আমেরিকার গরমের মধ্যে আয়োজিত হবে বিশ্বকাপ। তাই প্রতি অর্ধে তিন মিনিটের জলপানের বিরতি রাখা হচ্ছে। অনেকেই মনে করছেন, এই সময়ের মধ্যে কৌশলগত আলোচনাও করে নিতে পারবেন কোচ।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft