বৃহস্পতিবার ৪ জুন ২০২৬
আঙুলে চোট নিয়েও বিশ্বকাপের প্রথম ম্যাচে থাকবেন মার্তিনেস
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৭:৩১ পিএম   (ভিজিট : ০)
চোটের শঙ্কা থাকলেও বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে গোলবারের নিচে থাকবেন এমিলিয়ানো মার্তিনেস। ডান হাতের অনামিকা আঙুলে চিড় ধরা পড়লেও আগামী ১৬ জুন কানসাসে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে তাকে নিয়ে আশাবাদী আর্জেন্টিনা দলের চিকিৎসকরা।

ইউরোপা লিগ ফাইনালের ওয়ার্মআপে ডান হাতের অনামিকায় চোট পান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। পরে জানা যায়, আঙুলে চিড় ধরেছে তার।

তবে হাড় সঠিকভাবে জোড়া লাগছে বলে মনে করছে আর্জেন্টিনার মেডিক্যাল স্টাফ। তাই বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে পূর্ণ ফিট অবস্থায় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। চোটের কারণে বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে খেলবেন না মার্তিনেস। আগামী কয়েক দিন আঙুলে ব্যান্ডেজ ও স্প্লিন্ট পরেই থাকতে হবে তাকে।

বুধবারের অনুশীলনেও গ্লাভস ছাড়া এবং এক হাত ব্যবহার করে সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় অ্যাস্টন ভিলা গোলরক্ষককে।

ইংল্যান্ডে অ্যাস্টন ভিলার সঙ্গে শিরোপা উদ্‌যাপনের সময় মার্তিনেসের হাতে ব্যান্ডেজ দেখা যাওয়ার পর আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার সময়ও তার ডান হাতে ব্যান্ডেজ এবং আঙুলে স্প্লিন্ট ছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পোস্ট এবং মঙ্গলবার অনুশীলনে যাওয়ার আগে বাসে ওঠার সময় এক সমর্থককে বলা ‘আমি আছি, আমি আছি’কথাগুলো কিছুটা স্বস্তি দিয়েছে সমর্থকদের।

আর্জেন্টিনা দলের ভেতরেও মার্তিনেসকে নিয়ে উদ্বেগ খুব বেশি নয়। তাদের বিশ্বাস, এই গোলরক্ষক আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগেই খেলার মতো অবস্থায় ফিরে আসবেন। যদিও পরিস্থিতি খুব একটা ভালো নয়, তবে গোলরক্ষকদের ক্ষেত্রে এমন চোট অস্বাভাবিক নয়। প্রথম ম্যাচের সময় চোট পাওয়ার ৩৭ দিন পেরিয়ে যাবে।

তবু তাকে নিয়ে সতর্ক থাকবে আর্জেন্টিনা। হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে বিশ্রামে রাখা হবে। দ্রুত সেরে ওঠার জন্য উদ্বোধনী ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত আঙুল স্থির রাখা হবে। একসময় বিশেষ চার আঙুলের গ্লাভস ব্যবহারের সম্ভাবনার কথা উঠলেও শেষ পর্যন্ত সেটির প্রয়োজন হবে না।

অনুশীলন যত এগোবে এবং আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ যত কাছে আসবে, মার্তিনেসের ওপর চাপ ধীরে ধীরে বাড়ানো হবে। আপাতত বেশির ভাগ অনুশীলন করছেন পা দিয়ে। হাতে বল ধরার কাজ এড়িয়ে চলছেন তিনি। বুধবারের উন্মুক্ত অনুশীলনে তাই গ্লাভস ছাড়াই দেখা গেছে তাকে।

সোমবারের ট্যাকটিক্যাল সেশনে লিওনেল স্কালোনি যে একাদশ সাজিয়েছিলেন, তা দেখে ধারণা করা হচ্ছে, আগামী শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে শুরু করবেন জেরোনিমো রুলি। ইউনিভার্সিটি অব টেক্সাসে রাত ১০টায় হবে ম্যাচটি।

আইসল্যান্ডের বিপক্ষে বা একই ম্যাচে হুয়ান মুসোকে পরীক্ষা করবেন কি না, সেটি এখনো ঠিক করেননি স্কালোনি। নাকি অলিম্পিক দে মার্সেই গোলরক্ষক রুলিকেই আরও সময় দেবেন? সেই সিদ্ধান্তও পরে নেওয়া হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft