ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী ও বৃদ্ধসহ অন্তত ৬২ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে অন্তত ১৫টি বাড়িঘরে ব্যাপক হামলা ও ভাঙচুর চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষ্ণুপুর গ্রামের মতিউর রহমান এবং কফিল উদ্দিন মেম্বারের সমর্থক ও দুটি সামাজিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে উভয় পক্ষের লোকজন রামদা, ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে ৪৫ জন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং গুরুতর আহত আরও ১৭ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সামাজিক বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব