কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ৫টি নতুন রাস্তার উদ্বোধন করা হয়েছে। এই উন্নয়ন কার্যক্রমকে পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
গতকাল শনিবার (২৩ মে) আনুষ্ঠানিকভাবে এসব রাস্তার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রিফাত জাহান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শরিফুল আলম সুজন, যুগ্ম আহ্বায়ক মো. এফরান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিক হোসেন রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জজ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বেহাল অবস্থায় থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো; বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। নতুন রাস্তা নির্মাণের ফলে এখন মানুষের যাতায়াত সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক হবে। উন্নত সড়ক যোগাযোগ শুধু মানুষের চলাচলই সহজ করবে না, বরং স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবাতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। রাস্তাগুলোর উন্নয়ন হওয়ায় এখন আর কাদা-পানি ও ভাঙাচোরা সড়কের দুর্ভোগ পোহাতে হবে না।
অনুষ্ঠানের শেষভাগে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, পাকুন্দিয়া পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে স্থানীয় প্রশাসন ও সরকারের এই উন্নয়নমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব