কক্সবাজারে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নারীদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠিত হয়েছে “জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক জেলা পর্যায়ের মতবিনিময় সভা।
বক্তারা বলেন, জলবায়ু সহনশীল ও স্থিতিস্থাপক সমাজ গঠনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাই জলবায়ু সংকট মোকাবিলায় নারীদের মূল স্টেকহোল্ডার হিসেবে সম্পৃক্ত করতে হবে।
রবিবার (২৪ মে) সকাল ১০টায় কক্সবাজার অরুণোদয় স্কুলের সভাকক্ষে এন জেড একতা মহিলা সমিতি ও জাগো নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। “এম্পাওয়ার: উইমেন ফর ক্লাইমেট রেসিলিয়েন্ট সোসাইটিজ (ফেইজ-২)” প্রকল্পের আওতায় ইউএন ওমেনের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজহার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুব্রত বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে মো. আজহার উদ্দিন বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে সবাই ক্ষতিগ্রস্ত হলেও নারীদের ওপর এর প্রভাব তুলনামূলকভাবে বেশি ও বহুমাত্রিক। জলবায়ু সহনশীল সমাজ গঠনে নারীদের সম্পৃক্ততা ও সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। এই ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে রক্ষা করতে না পারলে ভবিষ্যতে বিশ্বসভ্যতাই হুমকির মুখে পড়বে। তাই সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত উদ্যোগে টেকসই ও স্থিতিস্থাপক সমাজ গড়ে তুলতে হবে।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পানিসংকট সরাসরি নারীর জীবন ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। উপকূলীয় অঞ্চলের নারীরা নিরাপদ পানির জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হন, যা তাদের স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদাকে ঝুঁকির মধ্যে ফেলে। পাশাপাশি প্রজনন স্বাস্থ্য সমস্যা, পারিবারিক নির্যাতন, অর্থনৈতিক সংকট ও মানসিক চাপ নারীদের জন্য বহুমাত্রিক সংকট তৈরি করছে।
বক্তারা আরও উল্লেখ করেন, সমাজের প্রান্তিক পর্যায়ে নারী পরিচালিত সংগঠনগুলোকে শক্তিশালী করা এবং সরকারি বিভিন্ন ব্যবস্থাপনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এর মাধ্যমে নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ইউএন ওমেন, মানুষের জন্য ফাউন্ডেশন এবং আয়োজক প্রতিষ্ঠান এন জেড একতা মহিলা সমিতিকে সমাজসেবামূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, নীতিনির্ধারক, পরিবেশ বিশেষজ্ঞ, নারী নেত্রী, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আজকালের খবর / রাশেদুল মিলন