চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানাধীন পাঠানটুলি এলাকার একটি ভবনের লিফটের নিচ থেকে মাশফিক (৩৮) নামের এক নিখোঁজ যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ পাঠানটুলি এলাকার খান বাড়িতে গিয়ে লাশটি উদ্ধারের ব্যবস্থা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় লিফটের নিচের অংশ খুলে লাশটি বের করা হয়।
নিহতের স্বজন ও বন্ধুদের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাশফিক বাসা থেকে বের হন। ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টার দিকে তিনি আবার ভবনে প্রবেশ করে লিফটে চড়ে ওপরে উঠছিলেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকালে ভবনের ১০ তলার লিফটের দরজা ভাঙা অবস্থায় দেখে স্থানীয় ও পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে লিফটের নিচ থেকে তার লাশ উদ্ধার করে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান জানান, দুপুরের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা খুলে রক্তাক্ত অবস্থায় যুবকের লাশটি উদ্ধার করা হয়। এটি একটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। রহস্য উদঘাটনে সিসিটিভি ফুটেজ, সংগৃহীত আলামত ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব