ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি সংলগ্ন বেজগাঁও এলাকা থেকে কোরবানি উপলক্ষে আনা গরু বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ মে) রাত সোয়া ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ওই এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাকটি ছিনিয়ে নেওয়ার সময় গরুর মালিক হেলাল উদ্দিন (৪৮), জহিরুল হক (২৮) ও চালক মো. তৈয়বকে (২১) মারধর করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫টি কোরবানির গরুসহ ট্রাকটি ফরিদপুর সদর এলাকা থেকে ঢাকার দোহারের দিকে যাওয়ার জন্য এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়ি এলাকায় আসে। ধারণা করা হচ্ছে, ট্রাকটি ফরিদপুর থেকে এসে এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কে ঢোকার সময় দুর্বৃত্তরা সেটির গতিরোধ করে। এরপর চালকসহ গরুর মালিকদের পিটিয়ে ও মারধর করে আহত করে ৫টি গরুসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। ছিনতাই হওয়া ৫টি গরুর আনুমানিক বাজার মূল্য অন্তত ১০ লাখ টাকা বলে জানা গেছে।
আহত গরুর মালিক হেলাল উদ্দিন ফরিদপুর সদর এলাকার শাহ জালালের ছেলে এবং জহিরুল হক একই এলাকার মো. মোতালেবের ছেলে। এছাড়া আহত ট্রাক চালক তৈয়ব ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা। শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীদের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত জেনেছে। চক্রটিকে ধরতে এবং গরুসহ ট্রাকটি উদ্ধারে পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব