যোগদানের সাত দিন পর শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নিজ কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। বৃহস্পতিবার (২১ মে) বেলা আড়াইটার দিকে তিনি ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
দপ্তরে বসার পর উপাচার্য ডুয়েটের শিক্ষার মান উন্নয়ন এবং ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে একগুচ্ছ পরিকল্পনার কথা জানান এবং বিশ্ববিদ্যালয় পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন।
ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া জানান, ক্যাম্পাসের শহীদ আবু সাঈদ ভবনে উপাচার্যের কার্যালয়ে আসার পর বিদায়ী উপাচার্যসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নতুন উপাচার্যকে আন্তরিকভাবে বরণ করে নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৪ মে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেয় সরকার। এর মধ্যে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ পান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। এর আগে তিনি সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নিয়োগ পাওয়ার পর গত রোববার (১৭ মে) তিনি যোগদানের জন্য ডুয়েটে আসেন। ওই সময় ছাত্রদলের নেতৃত্বে শিক্ষার্থীরা নবাগত ভিসিকে স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। তবে শিবিরের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি অংশ ভিসিকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় দায়িত্বরত পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে নবাগত ভিসি ওই দিন ক্যাম্পাসে প্রবেশ করেননি।
পরবর্তী সময়ে শিবিরের নেতৃত্বে শিক্ষার্থীদের একাংশ ডুয়েটের নিজস্ব শিক্ষক থেকে ভিসি নিয়োগসহ কয়েকটি দাবিতে লাল কার্ড প্রদর্শন ও 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি ঘোষণা করে। তবে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া না পাওয়ায় আন্দোলনের তীব্রতা কমতে থাকে।
এদিকে, ক্যাম্পাসে না এলেও যোগদানের পর থেকে অনলাইন ও অফলাইনের মাধ্যমে উপাচার্য তাঁর প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখেন। একই সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে ক্যাম্পাসে প্রবেশের লক্ষ্যে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেন। ধারাবাহিক ফলপ্রসূ আলোচনার পর বৃহস্পতিবার দুপুরে তিনি ডুয়েট ক্যাম্পাসে আসেন।
কার্যালয়ে আসার পর উপাচার্য ডুয়েট শিক্ষক সমিতি, বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পৃথক বৈঠক করেন। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি ডুয়েটে একটি ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) নির্মাণ, দুটি নতুন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যাম্পাসকে সংযুক্ত করা, শিক্ষার্থীদের চাকরি প্রাপ্তিতে সহযোগিতা, তথ্য কেন্দ্র স্থাপন এবং দেশি-বিদেশি সংস্থার সঙ্গে শিক্ষা-গবেষণা বিষয়ক যোগাযোগ বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বলেন, ভূল তথ্য ও ভূল বুঝাবুঝির কারণে শুরুতে কিছুটা সমস্যা হয়েছিল। এখন সবার সাথে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তিনি আরো বলেন, সরকার যখন একজন ভিসিকে নিয়োগ দেয়, তখন নিশ্চয়ই একটি ভিশন ও মিশন নিয়েই দেয়। ডুয়েটের উন্নয়নে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।
আজকালের খবর/ এমকে