বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
কিশোরগঞ্জের ইটনায় নিখোঁজের দুই দিন পর ধনু নদীতে কিশোরের মরদেহ উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:৫০ পিএম   (ভিজিট : ১৫)
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ধনু নদীতে গরু গোসল করাতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর আনাস (১৪) নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার (১৪ মে) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার এনসহিলা গ্রাম সংলগ্ন ধনু নদীর তীরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নিহত আনাস উপজেলার কুর্শি গ্রামের বড়হাটি এলাকার মানিক মিয়ার একমাত্র ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, ছয় বোনের মধ্যে আনাসই ছিল পরিবারের একমাত্র ছেলে সন্তান। তার মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি ও শোকের মাতম।

স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির গরুকে গোসল করাতে ধনু নদীতে যায় আনাস। একপর্যায়ে নদীর পানিতে নামার পর সে স্রোতের মধ্যে পড়ে যায়। সাঁতার না জানায় মুহূর্তের মধ্যেই পানিতে তলিয়ে যায় কিশোরটি।

সঙ্গে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা দীর্ঘ সময় নদীতে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা নদীর তীরে অপেক্ষা করছিলেন। ছেলেকে ফিরে পাওয়ার আশায় দুই দিন ধরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। অবশেষে প্রায় ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার ভোরে নদীর তীরে ভাসমান অবস্থায় আনাসের মরদেহ উদ্ধার হলে সেই অপেক্ষার অবসান ঘটে, তবে ফিরে আসে নিথর দেহ।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft