বুধবার ১৩ মে ২০২৬
শ্রদ্ধা ও ভালোবাসায় মঞ্চসারথি আতাউর রহমানকে বিদায়
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:৪৮ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ৭:২৭ পিএম  (ভিজিট : ৩৪)
একুশে এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত মঞ্চসারথি আতাউর রহমান মন্ত্রী বা উপদেষ্টাদের শোক ও বিবৃতি ছাড়াই চিরনিদ্রায় শায়িত হলেন। সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান এই সংষ্কৃতিকর্মী। পরে আজ বাদ আসর বনানীর কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমি অভিনেতা-নির্দেশক আতাউর রহমানের মৃত্যুকে গভীর শোক প্রকাশ করে নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতি দেন। 

এরআগে মঞ্চ সারথী আতাউর রহমানকে শেষ বিদায় জানাতে তার শেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে ফেডারেশনের উদ্যোগে বিকাল ৩টায় আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ ও সংস্কৃতিকর্মীরা তার মরদেহকে বিকাল ৪টা পর্যন্ত সম্মান জানায়।  দুপুর থেকেই প্রিয় সহকর্মীকে শেষবার দেখার জন্য শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন বরেণ্য নাট্যকার, অভিনয়শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। 

শহীদ মিনারে আতাউর রহমানের মরদেহে একে একে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় নাট্য ও সাংস্কৃতিক সংগঠনগুলো। তালিকায় ছিল নাগরিক নাট্য সম্প্রদায়, ছায়ানট, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, ঢাকা থিয়েটার, প্রাচ্যনাট, কণ্ঠশীলন, পালাকার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগসহ বহু সংগঠন।

স্মৃতিচারণ করতে গিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, “আতাউর রহমান সবসময় শিল্পকে ধারণ করতেন। তিনি ছিলেন একজন সৃষ্টিশীল মানুষ। শিল্পই ছিল তার ধ্যান-জ্ঞান।” 

নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু তার প্রতিক্রিয়ায় বলেন, “আতাউর রহমান শিল্পকে গভীরভাবে আঁকড়ে ধরেছিলেন। তার হাত ধরেই অনেকে নাট্যজগতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। কর্মের মাধ্যমেই তিনি আমাদের মাঝে অনন্তকাল বেঁচে থাকবেন।” 

বাবার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কন্যা শর্মিষ্ঠা। শ্রদ্ধানুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা তারিক ইনাম খান, ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি লাকী ইনাম, লুৎফর রহমান জর্জ, কামাল বায়েজিদ, আশীষ খন্দকার, খন্দকার শাহ আলম, জ্যোতিকা জ্যোতি, ফিরোজ খান সহ সংস্কৃতিক কর্মীরা। সবার কণ্ঠে ছিল একই সুর— আতাউর রহমানের প্রয়াণে নাট্যজগতে যে শূন্যতা তৈরি হলো, তা কখনও পূরণ হওয়ার নয়। 

শহীদ মিনারে শ্রদ্ধানুষ্ঠানের আগে যোহরের নামাজের পর মগবাজারের ইস্পাহানী সেঞ্চুরি আর্কেড সংলগ্ন খোলা মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, সোমবার (১১ মে) রাত ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান নাট্যজন। তিনি দীর্ঘকাল ধরে বাংলাদেশের থিয়েটার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। মঞ্চ নাটক নির্দেশনা, অভিনয় এবং লেখালেখির মাধ্যমে তিনি বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করে গেছেন। 

আজকালের খবর/আতে 











Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft