শুক্রবার ৮ মে ২০২৬
বিয়ের আগে থ্যালাসিমিয়া পরীক্ষা জরুরি : মন্ত্রী জাহিদ হোসেন
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ২:০৯ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৬ ২:১১ পিএম  (ভিজিট : ৭)
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, থ্যালাসিমিয়া একটি জন্মগত রক্তস্বল্পতাজনিত জটিল রোগ। স্বামী-স্ত্রী উভয়েই থ্যালাসিমিয়ার বাহক হলে তাদের সন্তান এই রোগে আক্রান্ত হতে পারে। তাই বিয়ের আগে ছেলে-মেয়েদের থ্যালাসিমিয়া বাহক কিনা তা পরীক্ষা করা জরুরি।

গতকাল বৃহস্পতিবার ঢাকা নগরীর মালিবাগে হোসাফ টাওয়ারে অবস্থিত বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন হাসপাতাল আয়োজিত বিশ্ব থ্যালাসিমিয়া দিবস-২০২৬ উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে অনেকেই জানেন না যে তারা থ্যালাসিমিয়ার বাহক। ফলে সচেতনতার অভাবে আক্রান্ত শিশুর জন্ম হচ্ছে। তিনি বলেন, “বিয়ের আগে থ্যালাসিমিয়া পরীক্ষা নিশ্চিত করা গেলে এ রোগ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।”

সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃ মনজুর মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের চিফ মেডিকেল অফিসার ডাঃ সাজিয়া ইসলাম এবং ডাঃ হুমায়ুন কবির।

মন্ত্রী আরও বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয় সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি জানান, দেশে প্রতি ৯ জনে ১ জন থ্যালাসিমিয়ার বাহক এবং প্রতিবছর প্রায় ৮ হাজার শিশু থ্যালাসিমিয়া নিয়ে জন্মগ্রহণ করছে। এ রোগ প্রতিরোধে গণমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে মন্ত্রী হাসপাতালের ডে-কেয়ারের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft