নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ও চূড়ান্ত লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম ম্যাচে ৬ উইকেটের দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা লিটন দাসের দলের সামনে আজ সিরিজ নিশ্চিত করার সুযোগ। অন্যদিকে সফরকারী নিউজিল্যান্ড এই ম্যাচে জিতে সিরিজ সমতায় শেষ করতে মরিয়া।
শনিবার (২ মে) দুপুর ২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেম্যাচটি শুরু হয়েছে।
বাংলাদেশ দলের জন্য এই ম্যাচটি ইতিহাসের পাতায় নাম লেখানোর এক বড় সুযোগ। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো এক সফরে একাধিক সিরিজ জেতার রেকর্ড নেই টাইগারদের। নিউজিল্যান্ডের এবারের সফরে ইতিমধ্যে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা।
সিরিজ নির্ধারণী গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে বিশ্রাম দিয়ে একাদশে ফেরানো হয়েছে অভিজ্ঞ মোহাম্মদ সাইফউদ্দিনকে। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের একাদশে জোড়া পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। কিউইরা বিশ্রাম দিয়েছে ম্যাথিউ ফিশার ও বেন লিস্টারকে। তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন জেইডন লেনক্স ও বেন সিয়ার্স।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক ও অধিনায়ক), তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, রিশাদ হোসেন, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফ উদ্দিন, রিপন মন্ডল ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: ক্যাটেন ক্লার্ক, টিম রবিনসন, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, জেইডন লেনক্স ও বেন সিয়ার্স।
আজকালের খবর/বিএস